সারাদেশ

পাবনায় ডিবির ঝটিকা অভিযান: এসএলআর ও রাইফেলসহ গ্রেফতার ৩

প্রিন্ট
পাবনায় ডিবির ঝটিকা অভিযান: এসএলআর ও রাইফেলসহ গ্রেফতার ৩

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:১৫


পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এসএলআর ও রাইফেলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাকশী ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তিন পেশাদার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শাহীন হোসেন (২০), ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রাং (৪৭) এবং মানিকনগর পশ্চিমপাড়ার মমিনুল ইসলাম খোকন (৩৩)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতাবিরোধী অভিযানের অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে প্রথমে শাহীন ও হযরতকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশি সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, ১টি বিদেশি .২২ বোর রাইফেল

১টি ৯ এমএম পিস্তল ও ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি একনলা বন্দুক এবং ১১৪ রাউন্ড তাজা কার্তুজ ও একাধিক ম্যাগাজিন। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা এলাকায় ভীতি সৃষ্টির কাজে এসব অস্ত্র ব্যবহার করে আসছিল। নির্বাচনকে কেন্দ্র করে কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের নেপথ্যে থাকা গডফাদারদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।