সারাদেশ

তারেক রহমানের নির্দেশে বিজয় মিছিল নয়, সিদ্ধিরগঞ্জে বিএনপির শুকরিয়া ও দোয়া মাহফিল

প্রিন্ট
তারেক রহমানের নির্দেশে বিজয় মিছিল নয়, সিদ্ধিরগঞ্জে বিএনপির শুকরিয়া ও দোয়া মাহফিল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০৩

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে এক ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড বিএনপি। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কোনো প্রকার আনন্দ মিছিল বা শোডাউন না করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল ত্যাগের পর অর্জিত বিজয়কে সুশৃঙ্খলভাবে ধারণ করা। সভাপতির বক্তব্যে মনির হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমরা গত ১৭টি বছর অবর্ণনীয় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। এ দেশের মানুষ তাদের পবিত্র ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে বিজয় এসেছে, তা মহান আল্লাহর বিশেষ নেয়ামত। তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে বিজয় মানে দাপট নয়, বরং বিনয়। তাই আমরা কোনো বিজয় মিছিল না করে আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেই আজ এই দোয়ার আয়োজন করেছি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) মাটি ও মানুষের নেতা এবং দলীয় অভিভাবক আজহারুল ইসলাম মান্নানের প্রতি গভীরশ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, মান্নান ভাই আমাদের দুর্দিনের কাণ্ডারি। আপনারা সকলে আমাদের অভিভাবক মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে তাঁর সুদক্ষ নির্দেশনায় আমরা এই এলাকার মানুষের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে পারি।

দোয়া মাহফিলে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, এস এম আসলাম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল।

অকিল উদ্দিন ভূঁইয়া, সদস্য, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। আক্তারুজ্জামান মৃধা যুগ্ম আহ্বায়ক মহানগর যুবদল। কামাল হোসেন সিনিয়র সহ-সভাপতি নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি। দুলাল সভাপতি ৭নং ওয়ার্ড যুবদল।

এছাড়াও বিএনপি নেতা রুহুল আমিন, হানিফ বেপারি, জুয়েল, সাহাদাত, স্বপন এবং সাবেক যুবদল নেতা ওয়াসিম আসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।