ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফজলুর রহমান সাঈদ। ঐতিহাসিক এই বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আসনটি পুনরুদ্ধার করল জামায়াত।
বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে ড. ফজলুর রহমান সাঈদ পেয়েছেন ১,৬৩,৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধান পেয়েছেন ১,৫৪,৮৩৫ ভোট।
ফলাফল ঘোষণার পর থেকেই জয়পুরহাট ও পাঁচবিবি এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. ফজলুর রহমান সাঈদ বলেন, এই বিজয় জয়পুরহাটের আপামর জনসাধারণের। আমি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সেবা ও উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মতামত