সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নারীর অর্ধগলিত মরদেহ: এলাকায় চাঞ্চল্য

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নারীর অর্ধগলিত মরদেহ: এলাকায় চাঞ্চল্য

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:২৭


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর আনুমানিক ৩০-৩৫ বছর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে মিজমিজি সাহেবপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগম নামে এক নারীর নির্মাণাধীন একতলা ভবনের আশপাশে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। শুরুতে বিষয়টিকে সাধারণ মনে করলেও রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের সন্দেহ ঘনীভূত হয়। কয়েকজন বাসিন্দা ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখেন, ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকের ভেতর থেকে উৎকট গন্ধ আসছে। উঁকি দিতেই সেখানে একটি মরদেহ ভাসতে দেখে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো রঙের বোরকা। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহে পচন ধরেছে এবং চেহারা চেনা দায় হয়ে পড়েছে। উৎসুক শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান, তবে কেউ লাশটি শনাক্ত করতে পারেনি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি গুম করার উদ্দেশ্যে এই নির্জন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ফেলে গেছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির ফরেনসিক টিম আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ওই এলাকার নিখোঁজ ব্যক্তিদের তালিকার সাথে মরদেহের মিল আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।