সারাদেশ

বন্দরে মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলা থানায় অভিযোগ

প্রিন্ট
বন্দরে মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলা থানায় অভিযোগ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৩৪


নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় মহানগর যুবদল নেতা মাসুদ রানার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ১১ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও সমাজের বিভিন্ন খাতের আয়-ব্যয় নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে বিরোধ চলছিল। অভিযুক্তরা মসজিদের চামড়া বিক্রির টাকা, হাটের আয়, দোকান ভাড়া এবং জুমার অনুদানসহ বিভিন্ন খাত থেকে গত তিন দশকে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করেন মাসুদ রানা।

মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা জানান, এসব অনিয়মের বিষয়ে প্রশ্ন তোলায় গত ১৪ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে অভিযুক্ত খোকন ভেন্ডার, সামেদ হাজী ও আবুল মিয়াসহ একদল লোক তার ওপর চড়াও হয়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে বন্দর থানার এএসআই হাবিবুর রহমান জানান, যুবদল নেতার অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।