নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্যামিলি কার্ড ছাপিয়ে কয়েকশ নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রাসেল ওরফে জিলানী ও তার সহযোগীদের বিরুদ্ধে এই প্রতারণার খবর জানাজানি হলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাশিপুরের নরসিংপুর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ ভুক্তভোগীরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জিলানী ও তার স্ত্রী জিসান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পবিত্র রমজানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড বিক্রি শুরু করেন। প্রতিটি কার্ড ৫০ টাকায় বিক্রি করে তারা প্রায় ৩০০ পরিবারের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। কার্ডের শর্ত অনুযায়ী, ১২৮৫ টাকার বিনিময়ে ১৭২৫ টাকার পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
সোমবার সকাল থেকে পণ্য দেওয়ার কথা থাকলেও দুপুর পর্যন্ত কাউকে কিছু দেওয়া হয়নি। এমনকি অভিযুক্তদের ফোনেও পাওয়া যাচ্ছিল না। ভুক্তভোগী জুলেখা বেগম বলেন, আমাদের বলা হয়েছিল সরকারিভাবে এসব কার্ড দেওয়া হচ্ছে। এখন টাকা নিয়ে তারা উধাও।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, দলের ইশতেহারে ফ্যামিলি কার্ডের কথা থাকলেও এখনো এর বাস্তবায়ন শুরু হয়নি। যারা এই কার্ড ছাপিয়ে প্রতারণা করছে, প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে কার্ডগুলো জিম্মায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মতামত