সারাদেশ

নারায়ণগঞ্জে ডিপিডিসির ৪ কর্মীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

প্রিন্ট
নারায়ণগঞ্জে ডিপিডিসির ৪ কর্মীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৩২


নারায়ণগঞ্জের কিল্লারপুল এনওসিএস কার্যালয়ের চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও গ্রাহক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রাহক বাদল সরকার। অভিযুক্তরা হলেন, সুপারভাইজার রফিকুল ইসলাম এবং তিন মিটার রিডার নুরে আলম, আশরাফ ও সেলিম উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা বাদল সরকারকে বিদ্যুৎ বিলের ট্যারিফ পরিবর্তন ও ভুয়া জরিমানার ভয় দেখিয়ে এক লাখ টাকা ঘুষ নেন মিটার রিডার সেলিম উদ্দিন ও তার সহযোগীরা। কিন্তু টাকা দেওয়ার পরও সমস্যার সমাধান না হওয়ায় ভুক্তভোগী অর্থ ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা ও হুমকি প্রদর্শন শুরু করেন। জরিমানা মওকুফের নামে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়া। টাকা নিয়েও গ্রাহকের সমস্যার সমাধান না করা। টাকা ফেরত চাইলে উল্টো গ্রাহককে হুমকি প্রদান।

ভুক্তভোগী বাদল সরকার এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের এমন অপেশাদার আচরণ ও প্রকাশ্য দুর্নীতিতে ডিপিডিসির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সাধারণ গ্রাহকরা।

এ বিষয়ে বক্তব্য জানতে ডিপিডিসি কিল্লারপুল (পূর্ব) কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।