পবিত্র রমজান মাসে জনভোগান্তি লাঘবে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিত করতে মন্ত্রিসভাকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্তমান মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
বৈঠকে প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্বারোপ করেন। তাঁর প্রধান নির্দেশনাগুলো হলো, রমজান মাসে ইবাদত ও জনজীবনে স্বস্তি ফেরাতে সেহরি, ইফতার ও তারাবির সময় কোনোভাবেই যেন বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কঠোর তদারকি বজায় রাখতে হবে।
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের সুবিধা দ্রুত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
রমজান ও ঈদকে সামনে রেখে সারা দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে।
ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বা \'অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এই সময়ের মধ্যে প্রতিটি মন্ত্রণালয় তাদের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করবে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শিগগিরই ওই অঞ্চলের দেশগুলো সফরের সম্ভাবনা রয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা।
সচিবালয়ের এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রীর এমন জনবান্ধব নির্দেশনা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
মতামত