ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই যানজট দুপুরে চরমে পৌঁছায়, যার ফলে শনির আখড়া থেকে মদনপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এবং ঢাকামুখী লেনে মদনপুর থেকে কাঁচপুর পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের সিদ্ধিরগঞ্জ, শিমরাইল ও কাঁচপুর এলাকায় ঘণ্টার পর ঘণ্টা গণপরিবহন আটকে থাকে। ৩ মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগেছে ১ ঘণ্টারও বেশি। নিরুপায় হয়ে অনেক যাত্রীকে বাস থেকে নেমে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। নোয়াখালীগামী যাত্রী আয়েশা আক্তার জানান, ৩ কিলোমিটার পথ পাড়ি দিতেই তাঁর ২ ঘণ্টা সময় লেগেছে।
হাইওয়ে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, এশিয়ান হাইওয়ের (মদনপুর অংশ) বেহাল দশা ও বড় বড় গর্তের কারণে যানবাহনগুলো অত্যন্ত ধীরগতিতে চলায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া নির্বাচনের ছুটির পর হঠাৎ পণ্যবাহী ট্রাকের চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, এশিয়ান হাইওয়ের ভাঙা অংশের কারণে ট্রাকগুলো ধীরগতিতে চলায় যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে দ্রুত সড়ক সংস্কার করা না হলে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
মতামত