সারাদেশ

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ

প্রিন্ট
শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৫০


মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। একটি মহলের অপতৎপরতার অংশ হিসেবে তার বিরুদ্ধে অ্যাম্বুলেন্স সেবা প্রদানে অসহযোগিতার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শেখপাড়া গ্রামের ইলিয়াজ আলীর শিশু সন্তান আফিয়া খাতুন (৬) অসুস্থ হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে কিছু সংবাদমাধ্যমে অভিযোগ করা হয় যে, ডা. আশরাফুজ্জামান লিটনের নির্দেশে অ্যাম্বুলেন্সটি রোগীকে বহনে বাধা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক আকিদুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী থাকার বিষয়টি স্যার জানতেন না, এমনকি আমিও তাকে বিষয়টি অবগত করিনি।

ডা. আশরাফুজ্জামান লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, অ্যাম্বুলেন্সটি সার্বক্ষণিক রোগীদের সেবায় নিয়োজিত থাকে। আমাকে সামাজিকভাবে হেয় করতে একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।

তিনি আরও দাবি করেন, কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই কতিপয় অনলাইন সংবাদমাধ্যম তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে, যা একজন সরকারি কর্মকর্তার সম্মানহানির শামিল।