সারাদেশ

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা: গাজীপুর থেকে প্রধান আসামি গ্রেপ্তার

প্রিন্ট
পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা: গাজীপুর থেকে প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:১৫


রংপুরের পীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. নূর আমিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর দক্ষিণ কাউলতিয়া এলাকা থেকে র‌্যাব-১৩ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পীরগঞ্জের কুমরসই গ্রামের নূর আমিনের সঙ্গে ভিকটিমের দীর্ঘদিনের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ৩০ জানুয়ারি সকালে ভিকটিম নিজ ভুট্টাক্ষেত থেকে বাড়ি ফেরার পথে কুমরসই দাখিল মাদ্রাসার কাছে ওঁত পেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভিকটিমের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-০১/৩০) দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি নূর আমিন পলাতক ছিলেন। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।