সারাদেশ

মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন

প্রিন্ট
মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৩৪


স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরোসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে আমরা ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। বর্তমানে জনবল সংকটের কারণে কাক্সিক্ষত সেবা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আমরা দ্রুত এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

মাগুরা মেডিকেল কলেজ প্রসঙ্গে তিনি জানান, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। সুবিধাজনক জায়গা পাওয়া গেলেই দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করা হবে।

এমপি মনোয়ার হোসেন খান হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।