সারাদেশ

আমি সেই শীর্ষ সন্ত্রাসী আমাকে ভয় দেখিয়ে লাভ নেই: বিএনপি নেতা ইকবালের বিস্ফোরক ভিডিও ফাঁস

প্রিন্ট
আমি সেই শীর্ষ সন্ত্রাসী আমাকে ভয় দেখিয়ে লাভ নেই: বিএনপি নেতা ইকবালের বিস্ফোরক ভিডিও ফাঁস

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২৭


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা ইকবাল হোসেনের একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২নং ওয়ার্ডের এক সভায় দেওয়া ওই বক্তব্যে তিনি নিজের রাজনৈতিক গুরু ও সাবেক এমপি গিয়াসউদ্দিনকে সন্ত্রাসের গডফাদার হিসেবে আখ্যায়িত করেন।

ভিডিওতে ইকবাল হোসেনকে বলতে শোনা যায়, আমি সন্ত্রাস হয়ে থাকলে সন্ত্রাস হবো। আমি এক চুল পরিমাণ ভয় পাই না। আমাকে দুর্বল ভাবার কারণ নেই, আমি ১১ সালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে নির্বাচন করেছি। সারা বাংলাদেশের ইন্টারপোলের আসামি সেই শীর্ষ সন্ত্রাসী আমি। উপস্থিত লোকজনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যারা তাকে নিয়ে সমালোচনা করছেন বা উস্কানি দিচ্ছেন, তাদের প্রত্যেকের নাম ডায়েরিতে নোট করা হচ্ছে এবং নির্বাচনের পর উচিত জবাব দেওয়া হবে।

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সহযোদ্ধা গিয়াসউদ্দিনের কড়া সমালোচনা করে ইকবাল বলেন, তিনি আমাকে সন্ত্রাসী বলেছেন। আমি যদি সন্ত্রাসী হই, তবে এর গডফাদার তো আপনি। আপনিই আমাকে সন্ত্রাস বানিয়েছেন। উল্লেখ্য, বিগত ৫ আগস্টের পর গিয়াসউদ্দিনের ছত্রছায়ায় ইকবাল এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিককে লাঞ্ছিত করার দায়ে ইকবালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে গিয়াসউদ্দিন নিজেও দল থেকে বহিষ্কৃত।

ইকবালের এই আক্রমণাত্মক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রভাব পড়েছে নির্বাচনী ফলাফলেও। স্থানীয় নেতাকর্মীদের মতে, তার এমন বক্তব্যে সাধারণ মানুষ ক্ষুব্ধ হওয়ায় ২নং ওয়ার্ডের কোনো কেন্দ্রেই ধানের শীষ জয়ী হতে পারেনি, বরং বিশাল ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের কাছে পরাজিত হয়েছে।

ইকবাল ও তার বাহিনীর দখলবাজি, হামলা এবং মামলা-বাণিজ্যে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নতুন করে উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।