সারাদেশ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা

প্রিন্ট
আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫০



রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আড়াইহাজার বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে শাওনকে ২ হাজার টাকা, মনির হোসেনকে ২ হাজার টাকা, দেলোয়ারকে ১ হাজার টাকা এবং সাইফুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।