সারাদেশ

হুইপ হওয়ার খবর অপপ্রচার: তীব্র নিন্দা জানালেন এমপি আজাদ

প্রিন্ট
হুইপ হওয়ার খবর অপপ্রচার: তীব্র নিন্দা জানালেন এমপি আজাদ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০০


ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন নজরুল ইসলাম আজাদ এমন তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে আখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া এই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ স্পষ্ট করে বলেন, হুইপ হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই। যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা মূলত রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

সংসদ সদস্য আজাদ জানান, পদ-পদবি নয় বরং আড়াইহাজারকে একটি আধুনিক ও রোল মডেল এলাকায় পরিণত করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আড়াইহাজারকে ডাকাত ও চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়া হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদেরও সব ধরনের অপতৎপরতা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আড়াইহাজার আসনে ৪৩ হাজার ২৩৩ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন নজরুল ইসলাম আজাদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় রাজনীতিতে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সুদৃঢ় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই একটি চক্র এমন গুজব ছড়াচ্ছে। এখন পর্যন্ত দলীয় বা সংসদীয় কোনো সূত্র থেকে হুইপ পদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।