সারাদেশ

শহরের যানজট নিরসনে ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করবে : পুলিশ সুপার

প্রিন্ট
শহরের যানজট নিরসনে ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করবে : পুলিশ সুপার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০৮



পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে স্বেচ্ছাসেবীদের পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, প্রতি বছরের মতো এবারও উদ্যোগ নেওয়া হয়েছে রমজান জুড়ে যানজটমুক্ত সুন্দর একটি নারায়ণগঞ্জ উপহার দিতে। সেই লক্ষ্যেই 

স্বেচ্ছাসেবকরা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ধীরে ধীরে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ পুরো ট্রাফিক নিয়ন্ত্রণে নেবে। আশা করছি, রমজানে মানুষের মধ্যে যে শৃঙ্খলা তৈরি হবে, সেটি সারা বছর বজায় থাকবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন সকলের সমন্বয়ে কাজ করছে। রমজানসহ সারা বছর ট্রাফিক ব্যবস্থার উন্নতি দেখতে পাবেন নগরবাসী। অবৈধ স্ট্যান্ড, পার্কিং ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল প্রমুখ।