সারাদেশ

মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত

প্রিন্ট
মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৫৬


মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আকাশ (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে টাইলস বোঝাই একটি ট্রাক সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, ট্রাকটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় চালককে উদ্ধারে বেশ বেগ পেতে হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।