সারাদেশ

রূপগঞ্জে বাস চালক-হেলপারের হাতে যাত্রী জখম ও ছিনতাই

প্রিন্ট
রূপগঞ্জে বাস চালক-হেলপারের হাতে যাত্রী জখম ও ছিনতাই

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:২২


নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের চালক ও হেলপারের হাতে এক যাত্রী নৃশংসভাবে জখম ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-কাঁচপুর সড়কে মেঘলা পরিবহন-এর একটি বাসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফরহাদ মিয়া (২৬) শুক্রবার রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ফরহাদ মিয়া রূপগঞ্জের একটি কুরিয়ার সার্ভিসের ম্যানেজার। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রংপুর থেকে এসে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে মেঘলা পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর রুট পরিবর্তন করে মদনপুরের দিকে যেতে শুরু করলে তিনি প্রতিবাদ জানান।

এ সময় চালকের ইশারায় হেলপার চাকু দিয়ে ফরহাদকে জিম্মি করে তার কাছ থেকে ৯ হাজার ৭০০ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে চালক ও হেলপার মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে বাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউছিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, মেঘলা বাস সার্ভিসের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তারা পার পেয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। বাসটি শনাক্ত ও জড়িতদের গ্রেফতারে তদন্ত চলছে। দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।