সারাদেশ

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান

প্রিন্ট
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:২৬


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনা দেন।

পরিদর্শনকালে এমপি মান্নান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুর্দিনে আমি তাদের পাশে আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন অসহায় অবস্থায় না থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শিল্পাঞ্চল হওয়ায় এসব ঘরে ১০টি পরিবার ভাড়া থাকতো। ফায়ার সার্ভিস জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।