সারাদেশ

বন্দরে গুলি ছুড়ে বিকাশ কর্মীর ৩ লাখ টাকা ছিনতাই

প্রিন্ট
বন্দরে গুলি ছুড়ে বিকাশ কর্মীর ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৩৫


নারায়ণগঞ্জের বন্দরে ফাঁকা গুলি ছুড়ে এক বিকাশ এজেন্টের কর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মদনগঞ্জ-মদনপুর সড়কের লক্ষণখোলা এলাকায় অক্সিজেন ফ্যাক্টরির সামনে এ দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিকাশ কর্মী জানান, সকালে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে দোকানে দোকানে বিতরণের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষণখোলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। একপর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।