সারাদেশ

অপরাধীর দায় নেব না প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না: এমপি আল আমিন

প্রিন্ট
অপরাধীর দায় নেব না প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না: এমপি আল আমিন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০৬


ফতুল্লার পঞ্চবটিতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন যে, অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক প্রশ্রয় হবে না।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে ইয়াসিন আরাফাত ও আলিফ দেওয়ান গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করেন সংসদ সদস্য।

বিবৃতিতে আব্দুল্লাহ আল আমিন বলেন, নারায়ণগঞ্জে বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে চাঁদাবাজিসহ রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হতে হবে। আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নই এবং কেউ অপরাধ করলে তার দায় নেব না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট বলে দিয়েছি—যেকোনো অপরাধের ব্যাপারে আমার অবস্থান জিরো টলারেন্স।

বিতর্কিত ব্যক্তিদের প্রসঙ্গে তিনি জানান, ইয়াসিন আরাফাত নির্বাচনের সময় সাথে থাকতে চাইলেও তার বিতর্কিত কর্মকাণ্ডের খবর পেয়ে আগেই তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। একইভাবে অনৈতিক কাজের অভিযোগে তরিকুল ইসলাম পিয়াসকেও দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার নাম ব্যবহার করে কেউ অবৈধ ফায়দা নিতে চাইলে সরাসরি পুলিশকে জানান।

জনগণের প্রতি আহ্বান: সংসদ সদস্য নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যেকোনো নাগরিক অসুবিধা, সন্ত্রাস বা চাঁদাবাজি সম্পর্কে সরাসরি তথ্য দিতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও (০১৮৯৮-৮৬৮৫৬৮) উন্মুক্ত করেছেন তিনি।