সারাদেশ

পাঁচবিবিতে রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার

প্রিন্ট
পাঁচবিবিতে রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:২২


পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইফতার সামগ্রী তৈরির সবজি ও ফলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

সরেজমিনে পাঁচবিবি পৌর বাজারসহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে শসা, বেগুন, লেবু ও কাঁচামরিচের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে যে বেগুন ৪০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ৮০ টাকা। ২০ টাকার লেবুর হালি ঠেকেছে ৬০ টাকায়। চাল, ডাল, তেল ও চিনির দামও চড়া।

ভোক্তা বিদ্যুৎ চক্রবর্তী ও মোহাম্মদ দুলাল বলেন, বাজারের অবস্থা খুবই অস্থির। সিন্ডিকেটের কারণে লেবু ও বেগুনের দাম দ্বিগুণ হয়েছে। আয় না বাড়লেও খরচ বাড়ায় আমরা চরম কষ্টে আছি।

ব্যবসায়ী রেজওয়ান হোসেন জানান, রমজানে চাহিদা বাড়লেও সে তুলনায় সরবরাহ কম। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। কাঁচামালে সিন্ডিকেট করার সুযোগ নেই।

রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন সাধারণ ভোক্তারা। এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অবৈধ মজুত বা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।