সারাদেশ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর ব্যবসায়ীদের চড়াও: অভিযান স্থগিত

প্রিন্ট
নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর ব্যবসায়ীদের চড়াও: অভিযান স্থগিত

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৩৬


শেরপুরের নালিতাবাড়ীতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছে ভ্রাম্যমাণ আদালত। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মুখে অভিযান স্থগিত করে পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন রমজান উপলক্ষে যানজট নিরসনে গত শনিবার প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের সড়কের ওপর রাখা মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলে ব্যবসায়ীরা বাধা দেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও নেতারা আদালতের ওপর চড়াও হন এবং এক স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের নিবৃত করার চেষ্টা করেন এবং অভিযান স্থগিতের অনুরোধ জানান। উত্তেজনা ছড়িয়ে পড়লে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

নালিতাবাড়ী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, প্রশাসনের অভিযানের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু প্রশাসনের লোক ছাড়া বহিরাগত স্বেচ্ছাসেবীদের দোকানে পাঠিয়ে মালামাল জব্দ করা নিয়মবহির্ভূত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, সরকারি কাজে বাধা দিয়ে আদালতের ওপর চড়াও হওয়া এবং অভিযানের কৈফিয়ত চাওয়া হয়েছে, যা দুঃখজনক। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ঘটনাটি অত্যন্ত অনভিপ্রেত। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।