সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিশেষ শিশু ও এতিমদের সাথে কর্নেট-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে বিশেষ শিশু ও এতিমদের সাথে কর্নেট-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৩৪


ঠাকুরগাঁওয়ে বিশেষ চাহিদা সম্পন্ন, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে নিয়ে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ। এ উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মলানী এলাকার একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র-এর দুই শতাধিক শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বেগম আনার কলি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী এবং স্কুলের পরিচালক আমিরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে গত রোববার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম সিদ্দিক বাবুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন (পয়গাম আলী)।

সংগঠনের সহ-সভাপতি বেগম আনার কলি জানান, দীর্ঘ চার দশক ধরে ঠাকুরগাঁওয়ের শিল্প-সংস্কৃতি বিকাশে কাজ করছে কর্নেট। এবার বিশেষ শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে তাদের নিয়ে এই আয়োজন করা হয়েছে এবং এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে সুস্থ সংস্কৃতি চর্চা ও তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।