পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দোসতিনা ও ছোনগাছা গ্রামে সামাজিক আধিপত্য নিয়ে সালেক সর্দার ও হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সোমবার রাতে হাবিব গ্রুপের মুকুল নামের এক ব্যক্তিকে একা পেয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সালেক সর্দারের অনুসারীরা।
এই ঘটনার জেরে হাবিবুর রহমানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালালে দোসতিনা বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে হালিম সর্দার ও খোকন সর্দারসহ বেশ কয়েকজন মারাত্মক জখম হন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত