সারাদেশ

রংপুর বিভাগে র‌্যাবের অভিযান: বিপুল মাদকসহ ৫ কারবারি গ্রেফতার

প্রিন্ট
রংপুর বিভাগে র‌্যাবের অভিযান: বিপুল মাদকসহ ৫ কারবারি গ্রেফতার

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২৬


রংপুর বিভাগের লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। অভিযানে ৩৪৩ বোতল এস্কাফ, ৯৯ বোতল ফেয়ারডিল, ২০ দশমিক ৭ কেজি গাঁজা এবং মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন কাকিনা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৪৩ বোতল মাদকসহ জাহেনুর ইসলাম জীবন (২৪) ও রাজু (৪০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

এর আগে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে ৫ কেজি গাঁজাসহ সুজন ইসলাম (২৭) নামে একজনকে এবং নীলফামারীর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ দশমিক ৭ কেজি গাঁজাসহ সুজন ইসলাম (২২) ও ছবিনুর বেগম (৪৮) নামের আরও দুইজনকে গ্রেফতার করে র‌্যাব-১৩-এর আভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।