সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অগ্নিকন্যা প্যারিস

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অগ্নিকন্যা প্যারিস

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:১৬


উত্তরের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে জেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিসের নাম। স্থানীয় রাজনীতিতে অগ্নিকন্যা হিসেবে পরিচিত এই নেত্রীকে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে আগামীর নারী নেতৃত্বের প্রত্যাশা।

ফোরাতুন নাহার প্যারিস ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৫৫ হাজার রেকর্ড ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ছাত্রজীবন থেকেই রাজপথের সক্রিয় এই নেত্রী তৃণমূল নারী নেতৃত্ব গঠন ও নারীর ক্ষমতায়নে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন। দলের সংকটকালে বিগত ১৭ বছরে অসংখ্য মামলা-হামলার শিকার হওয়া এই নেত্রীর পারিবারিক ঐতিহ্যও বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

স্থানীয় জেলা ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মতে, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এবং নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্যারিসের মতো একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রী প্রয়োজন। তার জোরালো সাংগঠনিক দক্ষতা ও বাগ্মিতা জেলাজুড়ে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষ করে ঝাঝালো বক্তব্যের মাধ্যমে জনমত গঠনে তার বিশেষ পরিচিতি রয়েছে।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে ফোরাতুন নাহার প্যারিস বলেন, বিগত ১৭ বছর ধরে হামলা-মামলা উপেক্ষা করে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও জনগণের পাশেই থাকব। আমি জেলার প্রতিটি উপজেলা ঘুরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখেছি। দল যদি আমাকে ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত আসনে দায়িত্ব পালনের সুযোগ দেয়, তবে আধুনিক ও মানবিক ঠাকুরগাঁও গড়তে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের হাইকমান্ড যদি ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করে, তবে ফোরাতুন নাহার প্যারিস সংরক্ষিত আসনের জন্য অত্যন্ত শক্তিশালী প্রার্থী। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যাপক জন-আলোচনা ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।