নারায়ণগঞ্জে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, রমজান মাসের পবিত্র পরিবেশেও এমন নৃশংস অপরাধ সংঘটিত হওয়া সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।
শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, রমজানে শয়তানকে শেকলবন্দি করা হলেও মানুষরূপী শয়তান সমাজেই অবস্থান করছে। যারা বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা করতে পারে, তাদের আশ্রয়দাতারা কখনোই রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার রাখে না।
তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী শক্তি দেশকে নিজেদের সম্পত্তি হিসেবে ভাবতে শুরু করেছে। তার দাবি, ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ উঠছে এবং নরসিংদীর ঘটনা আধুনিক জাহেলিয়াতের প্রতিফলন।
অপরাধীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে এ ধরনের ঘটনা অব্যাহত থাকবে।
গোলাকান্দাইল ইউনিয়ন আমীর মাওলানা আমীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, জেলা জামায়াতের আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালিত হয়।
মতামত