সারাদেশ

বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নার্সের মৃত্যু

প্রিন্ট
বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নার্সের মৃত্যু

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০৮


 নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকের ধাক্কায় রিতা হালদার (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিতা হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার কাঠিরা এলাকার মৃত সাইমন বিমল হালদারের মেয়ে। বর্তমানে তিনি স্বামী খোকন বাড়ৈসহ নবীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সকালে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন রিতা। পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় তার স্বামী সামান্য আহত হলেও বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিমেন্টবোঝাই ট্রাকটি (যশোর-ট-১১-৫৭০২) জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।