ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এই ওয়ার্ডটি যাতায়াত ও বাণিজ্যিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখানে বইছে নতুন নেতৃত্বের হাওয়া। ওয়ার্ডের রসুলবাগ এলাকার স্থায়ী বাসিন্দা অ্যাডভোকেট হাবিবুর রহমান পেশাগত জীবনে একজন সফল আইনজীবী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং জেলা আইনজীবী সমিতির নির্বাচিত লাইব্রেরি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হাবিবুর রহমান ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের জেলা আহ্বায়ক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের আমলে তিনি বিভিন্নভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও জানা গেছে।
ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা নিয়ে অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, আমি ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। অবহেলিত রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণসহ আরসিসি ঢালাই রাস্তার কাজগুলো সম্পন্ন করাই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য তার বাবার নামে প্রতিষ্ঠিত মরহুম আব্দুস সামাদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক বাতির সমস্যা সমাধানে আমি ইতোমধ্যে প্রশাসকের কাছে আবেদন জানিয়েছি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই তরুণ প্রার্থী সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মতামত