সারাদেশ

সোনারগাঁয়ে ঝোপের ভেতর থেকে বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার

প্রিন্ট
সোনারগাঁয়ে ঝোপের ভেতর থেকে বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৮:০১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকার একটি ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-১১ (সিপিসি-১) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টায় কাঁচপুর বালুরমাঠ এলাকায় এক বিশেষ অভিযান চালায় র‌্যাবের আভিযানিক দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি ছিনতাই ও মাদকের স্পট থেকে কয়েকজন অপরাধী পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থান সংলগ্ন ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত বিদেশি অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।