সারাদেশ

ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ

প্রিন্ট
ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, রাত ১০:১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে সাধারণ মানুষের ব্যবহৃত সরকারি খাস জমি প্রভাব খাটিয়ে বন্দোবস্ত নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত মো. জুয়েল রানা ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি উপজেলার চাড়োল পতিলাভাষা গ্রামের মৃত মফিজুর ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়েল রানা তার দাপ্তরিক পদের প্রভাব খাটিয়ে বাজারের সাধারণের ব্যবহার্য একটি সরকারি খাস জমি নিজ মায়ের নামে বন্দোবস্ত করে নিয়েছেন। এলাকাবাসীর দাবি, যে জায়গাটি বন্দোবস্ত নেওয়া হয়েছে, সেখানে আগে কখনোই কোনো দোকানঘর বা স্থাপনা ছিল না, এটি মূলত পরিত্যক্ত জায়গা হিসেবে সর্বসাধারণ ব্যবহার করে আসত। এখন সেখানে ব্যক্তিগত স্থাপনা তৈরির তোড়জোড় চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মো. জুয়েল রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বাজারের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের চলাচলের স্বার্থে এই বিতর্কিত বন্দোবস্ত বাতিল করে সরকারি জমিটি অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।