সারাদেশ

বন্দরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা: আহত ৩

প্রিন্ট
বন্দরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা: আহত ৩

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, রাত ১১:৪২

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদী এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, কামাল (৫৫), মেহেদী (২২) ও রিয়াদ (২৫)। এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) দুপুরে ১৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মদনগঞ্জ পিএম রোড এলাকার ব্যবসায়ী কামাল মিয়ার সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে একই থানার হাজরাদী চাঁনপুর এলাকার হোসেন ওরফে নুহু ও তার ভাইদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। রবিবার সকালে কামাল মিয়া তার জমিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা জমির সীমানা পিলার ও সাইনবোর্ড উপড়ে ফেলে দেয়। বাধা দিতে গেলে রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে কামালসহ তিনজনকে আহত করা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে দুটি দামি মোবাইল ফোন এবং নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দর থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।