সারাদেশ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি জামিনে মুক্ত হয়েই বেপরোয়া

প্রিন্ট
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি জামিনে মুক্ত হয়েই বেপরোয়া

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, রাত ১১:৫৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর পূর্ব কড়ইতলা এলাকায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূল আসামি বশির উদ্দিন জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগামী ৩১ মার্চ মামলার হাজিরাকে কেন্দ্র করে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে ধর্ষক বশির ও তার দুই পুত্র নয়ন ও জীবন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ ডিসেম্বর ১১ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে নিজ মুদির দোকানে ধর্ষণ করে বশির উদ্দিন। এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করলেও তার দুই ছেলে ও সহযোগীরা সশস্ত্র হামলা চালিয়ে বশিরকে ছিনিয়ে নেয়। পরে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ বশিরকে গ্রেফতার করে। কিন্তু সম্প্রতি জামিনে বেরিয়ে এসে সে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।

ভুক্তভোগী পরিবার জানায়, বশির ও তার ছেলেরা প্রভাবশালী হওয়ায় মামলার প্রধান দুই সাক্ষী মনরউদ্দিন টারজান ও খোকনকেও সাক্ষ্য না দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে। আসামিদের মারমুখী অবস্থানে ভুক্তভোগী পরিবারটি এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বশিরের জামিন বাতিল করে তার সহযোগী দুই পুত্রকে গ্রেফতার করা হোক। এ বিষয়ে স্থানীয় সচেতন সমাজ ও ভুক্তভোগী পরিবার প্রশাসন ও র‌্যাবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।