সারাদেশ

অয়ন ওসমানের সঙ্গে বিএনপি নেতার স্বজনদের ছবি: নারায়ণগঞ্জে তীব্র ক্ষোভ

প্রিন্ট
অয়ন ওসমানের সঙ্গে বিএনপি নেতার স্বজনদের ছবি: নারায়ণগঞ্জে তীব্র ক্ষোভ

প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, রাত ১২:০৫

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের সঙ্গে মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের পুত্র ও জামাতার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ওসমান পরিবারের সদস্যের সঙ্গে বিএনপি নেতার পরিবারের এমন সখ্যতায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন দলের ত্যাগী নেতাকর্মীরা হামলা-মামলায় জর্জরিত ছিলেন, তখন হাজী মনিরের পরিবার ওসমান পরিবারের সঙ্গে আঁতাত করে সুখে-শান্তিতে ছিল। তারা মনে করেন, এই সখ্যতার কারণেই তিনি বীরদর্পে রাজনীতি করতে পেরেছেন। এমনকি ৫ আগস্টের পর নিজের সম্পৃক্ততা আড়াল করতে অনেক ছবি সরিয়ে ফেলা হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

বিক্ষুব্ধ নেতারা জানান, দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টদের দোসরদের দলে কোনো স্থান নেই। অয়ন ওসমানের মতো চিহ্নিত মাফিয়া ও জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখা দলের আদর্শের পরিপন্থী। তারা হাজী মনিরকে দলের ভেতরে লুকিয়ে থাকা গুপ্তচর হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে তৃণমূল কর্মীরা বলেন, দলের গুরুত্বপূর্ণ তথ্য পাচার ও বিশৃঙ্খলা রোধে এই ধরনের সুবিধাবাদী নেতাদের দ্রুত চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।