সারাদেশ

শুভ হত্যা মামলার আসামি লাল শুভ নীলফামারী থেকে গ্রেপ্তার

প্রিন্ট
শুভ হত্যা মামলার আসামি লাল শুভ নীলফামারী থেকে গ্রেপ্তার

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৬, রাত ১১:৪৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় এসি মেকার যুবক শুভকে (২১) অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় অন্যতম আসামি মো. আল আমিন ইসলাম ওরফে লাল শুভকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৬ এপ্রিল) ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়া গ্রাম এলাকা থেকে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাল শুভ ফতুল্লার মাসদাইর এলাকার খলিল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, পূর্ববিরোধের জেরে গত ২৯ মার্চ সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকা থেকে শুভকে অপহরণ করা হয়। ঘটনার দিন লাল শুভ ফোনে ডেকে নিয়ে সহযোগীদের সহযোগিতায় তাকে মারধর করে অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এর দুই দিন পর ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে শুভর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের সাত দিন পর পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় শুভর মা মাকসুদা বেগম বাদী হয়ে ২ এপ্রিল ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত লাল শুভসহ আরও ১০ জন নামীয় ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

র‌্যাব-১১ জানিয়েছে, ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে লাল শুভকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।