সারাদেশ

সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ মে ২০২৬, দুপুর ২:১৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগে ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাকিল বাগেরহাটের চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার জাহিদুল হক ফকিরের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকায় ওই শাশুড়ির সঙ্গেই একই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়ে গত ছয় মাস ধরে দুবাই রয়েছেন। ওই বৃদ্ধা তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে থাকতেন জামাতা সাকিল। গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে সাকিল তার শাশুড়িকে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রাথমিকভাবে লোকলজ্জা ও ভয়ে বিষয়টি গোপন রাখলেও, পরে প্রবাসী মেয়ে ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে ওই বৃদ্ধা সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিলকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, শাশুড়িকে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।