সারাদেশ

শ্রমিকদের ন্যায্য অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে: অ্যাডভোকেট আতিকুর রহমান

প্রিন্ট
শ্রমিকদের ন্যায্য অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে: অ্যাডভোকেট আতিকুর রহমান

প্রকাশিত : ১৬ মে ২০২৬, রাত ১১:১৮

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশে সাড়ে সাত কোটি শ্রমিক থাকলেও দুর্ভাগ্যবশত তাদের কোনো সমস্যার টেকসই সমাধান হয়নি। আমরা কোনো কার্ডের ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার ও ইনসাফ চাই।

শনিবার (১৬ মে) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার একটি মিলনায়তনে জেলা ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ৮ ঘণ্টা কর্মঘণ্টার কথা বলা হলেও অনেক জায়গায় শ্রমিকদের ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়। যখন-তখন শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, এমনকি উৎসবের দিনেও ছুটি দেওয়া হয় না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,  শ্রমিক লীগ বা শ্রমিক দল সেজে শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি ও শ্রমিক শোষণ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মুখে বললেও প্রকৃত অর্থে সংস্কারবিরোধী, যার প্রমাণ তারা শ্রম আইনের সংস্কার মানেনি। আসন্ন বাজেটের আগেই ফেডারেশনের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সুল, সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না, জেলা সেক্রেটারি মো: রেদোয়ানুল আজিম, মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা আব্দুশ শাকুর।