সারাদেশ

চিটাগাং রোডে ড্রেন নির্মাণে ধীরগতি: তীব্র যানজটে চরম জনদুর্ভোগ

প্রিন্ট
চিটাগাং রোডে ড্রেন নির্মাণে ধীরগতি: তীব্র যানজটে চরম জনদুর্ভোগ

প্রকাশিত : ১৮ মে ২০২৬, সন্ধ্যা ৮:১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমড়াইল মোড় চিটাগাং রোড এলাকায় চলমান ড্রেন নির্মাণকাজ ও সড়ক খোঁড়াখুঁড়ির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে কাজ করছেন কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্যরা।

সোমবার (১৮ মে) সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশে নির্মাণকাজ চলায় যান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের বাড়তি চাপে পুরো এলাকায় দীর্ঘ যানজট লেগে আছে। ধুলোবালি ও কাদার মধ্যে চরম ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন সাধারণ মানুষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে সক্রিয় ভূমিকা পালন করছেন কমিউনিটি ট্রাফিক পুলিশ। তারা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারেও পথচারীদের সহায়তা করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন নির্মাণের কাজ চললেও কাজের গতি অত্যন্ত ধীর। এতে দিন দিন দুর্ভোগ আরও বাড়ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।