এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেন নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে ওসমান গনির বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে রমজানের লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার নাতনি জামাই। এদিকে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি বিক্রি চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
মতামত