সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ: ফতুল্লায় মামুন মাহমুদকে নাগরিক সংবর্ধনা

প্রিন্ট
জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ: ফতুল্লায় মামুন মাহমুদকে নাগরিক সংবর্ধনা

প্রকাশিত : ২১ মে ২০২৬, রাত ১১:৩৮

দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে থোক বরাদ্দ দিয়ে ড্রেন ও খাল সংস্কারের মাধ্যমে ফতুল্লাবাসীকে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে সাময়িক মুক্তি দেওয়ায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উত্তর মাসদাইর গাবতলী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ফতুল্লার গাবতলী ও ইসদাইরবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাবতলী বাইতুল মোকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর গাবতলী সোসাইটির সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। তিনি বিগত সরকারের আমলে ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পেও জলাবদ্ধতা নিরসন না হওয়ার কড়া সমালোচনা করেন এবং বর্তমান প্রশাসকের ত্বরিত পদক্ষেপের প্রশংসা করেন। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্থায়ী সমাধানের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফতুল্লা মডেল থানার ওসির উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে মাদক ও অপরাধের গ্রাফ কমিয়ে আনতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঠিক এক মাস পর আমি আবার খোঁজ নেব অপরাধ কমেছে নাকি বেড়েছে। কোনো অশুভ শক্তিকে ছাড় দেওয়া হবে না।

জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি ফতুল্লাবাসীকে আশ্বস্ত করে বলেন, আগামী এক বছরের মধ্যে এই পুরো অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ও আধুনিক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া তিনি গাবতলী প্রাইমারি স্কুলে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ, স্কুলের মাঠে বালু ভরাট এবং পঞ্চম শ্রেণির ১০২ জন শিক্ষার্থীর মাঝে নিজস্ব তহবিল থেকে শিক্ষা উপকরণ উপহার দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

ফতুল্লা থানা যুবদল নেতা ফেরদৌস পারভেজ ডেনি ও জেলা তাঁতী দল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।