শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এই তাণ্ডবের ঘটনা ঘটে। হামলায় আহত তিন ব্যক্তি হলেন, মিজান, কুদরত ও জনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সাব্বির বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় এবং বাধা দিতে আসা তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতেই সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ চিহ্নিত অপরাধী সাব্বির ও তার সহযোগীদের ধরতে গেলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত