সারাদেশ

ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা আটক ১

প্রিন্ট
ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা আটক ১

প্রকাশিত : ২৪ মে ২০২৬, রাত ৯:১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় সুমন (২৮) নামের এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হাতেমকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় শ্রমিক ও চালকরা।

রবিবার (২৪ মে) সকালে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের নারায়ণের ছেলে। অন্যদিকে, আটক হাতেম ফতুল্লার মুসলিমনগর এলাকার আলিমুদ্দিনের ছেলে এবং পেশায় একজন ট্রাক হেলপার।

জানা যায়, ফতুল্লার পঞ্চবটী পৌর টার্মিনাল সংলগ্ন একটি বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন সুমন ও হাতেম। হাতেম নিয়মিত নিজ কক্ষে মাদক সেবন করতেন। সুমন এর প্রতিবাদ করে বাড়ির মালিককে বিষয়টি জানালে হাতেম চরম ক্ষুব্ধ হন। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে সুমন কর্মস্থলে যাওয়ার পথে পৌর টার্মিনালের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাতেম কাঠের টুকরো দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় রামপুরার ডেল্টা ক্লিনিকে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আহত যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।