সারাদেশ

শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা মীমাংসা রোববার বসবে পূর্ণাঙ্গ বৈঠক

প্রিন্ট
শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা মীমাংসা রোববার বসবে পূর্ণাঙ্গ বৈঠক

প্রকাশিত : ৬ জুন ২০২৬, রাত ১১:৩৯

মাগুরার শ্রীপুর উপজেলার দরিয়াপুর ও তারাউজিয়াল গ্রামের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রাথমিকভাবে মীমাংসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী রোববার একটি পূর্ণাঙ্গ বৈঠক ডাকা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় সাচিলাপুর বাজারে মোবাইলে ফ্লেক্সিলোড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার রেশ ধরে শনিবার সকালে দুই গ্রামের বাসিন্দারা আবারও মুখোমুখি অবস্থানে চলে গেলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সকালে হাট দরিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দুই পক্ষকে নিয়ে এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাহিয়ান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা স্পষ্ট জানিয়ে দেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আইন নিজের হাতে তুলে নিলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরোসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাচিলাপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের নির্বিঘ্নে দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।