সারাদেশ

অপরাধ দমনে তৎপরতা: আলোচনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক

প্রিন্ট
অপরাধ দমনে তৎপরতা: আলোচনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক

প্রকাশিত : ৭ জুন ২০২৬, সন্ধ্যা ৮:২৮

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলখ্যাত সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধ দমনে বিশেষ ভূমিকা ও ঈদুল আজহায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে আলোচনায় এসেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলা করে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন এনেছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, বিগত ঈদুল আজহায় পুলিশের নিবিড় তৎপরতার কারণে সিদ্ধিরগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পশুর হাট কিংবা আবাসিক এলাকায় চুরি, ডাকাতি ও চাঁদাবাজি না হওয়ায় স্বস্তিতে ঈদ উদযাপন করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা পরিবারসহ গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তাদের বাসাবাড়ি ও দোকানপাটের নিরাপত্তায় পুলিশের টহল জোরদার ছিল।

ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমরা অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দিনরাত পাড়া-মহল্লায় টহল ও অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করছে। যতদিন দায়িত্বে আছি, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। তিনি অপরাধ দমনে এলাকাবাসীকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

এলাকাবাসী পুলিশের এই ইতিবাচক ও জনমুখী ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতেও এই কঠোর ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার দাবি জানিয়েছেন।