সারাদেশ

দিগুবাবুর বাজারে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রিন্ট
দিগুবাবুর বাজারে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ৮ জুন ২০২৬, রাত ১১:১৫

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে ৬১৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন বিক্রি ও প্রদর্শনের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান ও মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত এ অভিযানে বাজারের তিনটি দোকানকে জরিমানা করা হয়। এর মধ্যে সুমন স্টোর ২১০ কেজি পলিথিন জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা।

বিসমিল্লাহ স্টোর ২৫৮ কেজি পলিথিন জব্দসহ ৭ হাজার টাকা জরিমানা। সিদ্দিক স্টোর ১৪৫ কেজি পলিথিন জব্দসহ ৭ হাজার টাকা জরিমানা। অভিধানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর বিক্রয়, মজুদ ও ব্যবহার বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।