সারাদেশ

চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

প্রিন্ট
চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

প্রকাশিত : ২১ জুন ২০২৬, দুপুর ২:৪৩

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের চর সৈয়দপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার মনির মিয়ার ছেলে। তিনি রাজধানীর ডেমরা এলাকার ডগাইরে বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রেফ্রিজারেটরের ভাঙারি মালামাল বোঝাই একটি রিকশাভ্যান নিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।