জাতীয়

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

প্রিন্ট
নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, সন্ধ্যা ৭:০৪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, "আজকের দিনে আপনার শিশুকে অবশ্যই নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।"

তিনি আরও বলেন, "নারায়ণগঞ্জে ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। আপনার শিশুর স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। একটি সুস্থ প্রজন্মই গড়ে তুলবে আগামীর সমৃদ্ধ নারায়ণগঞ্জ।"

রোববার (২৮ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্থায়ী টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বয়স অনুযায়ী নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি আরও জানান, এ বছর জেলাজুড়ে প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।