সারাদেশ

মাগুরায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্রী উদ্ধার: পরিবারের কাছে হস্তান্তর

প্রিন্ট
মাগুরায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্রী উদ্ধার: পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, রাত ১০:০৭

মাগুরা সদর উপজেলার শলুয়া গ্রামের মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের এক ছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত ২৯ জুন সকালে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী নূর তাজ রুমি (১২) হঠাৎ নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মাগুরা পুলিশ লাইন্স এলাকার একটি ভাড়া বাসা থেকে রুমিকে উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, হেফজ বিভাগে পড়ার প্রতি রুমির কোনো আগ্রহ ছিল না। কিন্তু পারিবারিক চাপ ও মাদ্রাসার কঠোর নিয়মের কারণে ক্ষুব্ধ ও অভিমান করে সে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে চলে যায়।

মাদ্রাসা থেকে বের হয়ে রুমি পুলিশ লাইন্স এলাকায় নিজেকে এতিম পরিচয় দিয়ে সেলিনা বেগম নামে এক নারীর বাসায় আশ্রয় নেয়। পরবর্তীতে শিশুটির নিখোঁজের বিষয়টি জানাজানি হলে ওই পরিবারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে এবং তার বড় বোনের জিম্মায় হস্তান্তর করে।

মাগুরা জেলা পুলিশ এক বার্তায়, শিশু ও নারী সংক্রান্ত যেকোনো ঘটনায় দ্রুত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।