সারাদেশ

ফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন: ৪০ লাখ টাকার ক্ষতি

প্রিন্ট
ফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন: ৪০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, রাত ১০:১৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গুদামে থাকা প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ‘মা মারজান এন্টারপ্রাইজ’ নামের একটি ঝুটের গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, সকালে গুদাম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে তারা এগিয়ে যান। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন পাশের কয়েকটি স্থাপনায়ও ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ির বাসিন্দারা দ্রুত তাদের আসবাবপত্র সরিয়ে নেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই প্রায় ১৫০ ফুট দীর্ঘ ঝুটের গুদামটি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।